সংসদে উঠছে অর্থবিল, কাল পাস হবে বাজেট
উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ জুন, ২০২৪, আপডেট ১৪:৪০
জাতীয় সংসদে অর্থ বিল-২০২৪ পাস হবে আজ (শনিবার)। এদিন বিকেল ৪টায় সংসদের বাজেট অধিবেশনে বিলটি উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এছাড়া রোববার পাস হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। সোমবার (১ জুলাই) থেকে নতুন বাজেট কার্যকর হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শনিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট, বাজেটের মঞ্জুরি দাবি এবং দায়যুক্ত ব্যয় নির্দিষ্টকরণ সম্পর্কে সাধারণ আলোচনা করা হবে। এদিন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকর করা এবং কতিপয় আইন সংশোধন করে আনীত অর্থ বিল-২০২৪ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করার প্রস্তাব করবেন। এরপর সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকর করা এবং কতিপয় আইন সংশোধনকল্পে আনীত বিলটি পাস করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী।
জানা গেছে, এবারের বাজেটে উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়টি। বিষয়টি নিয়ে আলোচনা হলেও এ প্রস্তাবে কোনো পরিবর্তন আনা হবে না। এছাড়া বাজেট প্রস্তাবে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স বসানোর কথা বলেছিলেন অর্থমন্ত্রী। এতে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বিভিন্ন আপত্তি থাকলেও তা আমলে নেয়া হচ্ছে না। সংশোধনী বাজেটে আগের মতোই ৫০ লাখ টাকা লাভের ওপর কর আরোপের সিদ্ধান্ত অব্যাহত থাকতে পারে।
সূত্র জানিয়েছে, নতুন অর্থ বিলে আয়কর ও কাস্টমস সংক্রান্ত সামান্য কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে দেশি-বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কগুলোর কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ এসব অঞ্চল ও পার্কের কর অবকাশ সুবিধা আগের মতোই বহাল থাকছে।
একইসঙ্গে অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত শিল্পের মূলধনি যন্ত্রপাতি আমদানি শুল্কও আগের মতো শূন্য শতাংশ রাখা হচ্ছে। এছাড়া প্রস্তাবিত বাজেটে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ বা উন্নয়নের জন্য ডেভেলপারদের আমদানি করা যন্ত্রপাতির শুল্কমুক্ত সুবিধা বাতিল করে ১ শতাংশ শুল্ক আরোপ করা হয়। শিল্প স্থাপনের মূলধনি যন্ত্রপাতিতেও ১ শতাংশ শুল্ক আরোপ করা হয়। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হয়।
বাজেট উত্থাপনের সময় সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। সব নাগরিককে কর প্রদানে উৎসাহিত করতে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি অর্থমন্ত্রী।
ইউডি/কেএস

