মালিকের গাড়িচাপায় দারোয়ানের মৃত্যু
উত্তরদক্ষিণ । শনিবার, ০৬ জুলাই, ২০২৪, আপডেট ১৭:১৫
রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজারে বাসার মালিকের গাড়ির চাপায় দারোয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দারোয়ানের নাম ফজলুল হক। তিনি ১৯/এ, ১৯/১ পূর্ব রাজাবারের বাসাটিতে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবন থেকে প্রাইভেটকার বের করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মালিক মফিদুল ইসলাম। এ সময় বাড়ির গেটের সামনে থাকা দারোয়ান ফজলুলকে সজোরে ধাক্কা মারেন তিনি। এতে নিরাপত্তাকর্মী ফজলুল মারা যান।
এদিকে ভবনের কেউ কেউ এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছেন। তবে প্রত্যক্ষদর্শীরা এটিকে দুর্ঘটনা বলতে রাজি নন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের ড্রাইভারের সঙ্গে রাগারাগি করে গাড়ি চালাতে গিয়ে মফিদুল নিরাপত্তাকর্মীর ওপর গাড়ি উঠিয়ে দেন। এছাড়া দুর্ঘটনার পর নিরাপত্তাকর্মী ফজলুলকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগ করেন তারা।
অপরদিকে, এ ঘটনার পর থেকে বাসা ও গাড়ির মালিক অভিযুক্ত মফিদুল পলাতক রয়েছেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গাড়িটিকে জব্দ করা হয়েছে। পরবর্তীতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/এআর

