প্লাস্টিক দূষণ: সমাধানে সরকারের যত পদক্ষেপ
রিন্টু হাসান । রবিবার, ০৭ জুলাই, ২০২৪, আপডেট ২০:১০
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকার প্লাস্টিক দূষণ মোকাবেলায় বেশকিছু পদক্ষেপ নিয়েছে। ২০০২ সালে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করে। প্লাস্টিক বর্জ্য হ্রাস করার লক্ষ্যে এটা ছিল একটা যুগান্তকারী সিদ্ধান্ত।
যদিও আইনটির প্রয়োগে বেশ অসঙ্গতি রয়েছে এবং নিষেধাজ্ঞার প্রভাবও সীমিত। সৃষ্ট ভয়াবহ অবস্থা থেকে উত্তরণে ২০৩০ সালের মধ্যে দেশে প্লাস্টিকের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা তৈরি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
এই সময়ের মধ্যে প্লাস্টিক পণ্যের উৎপাদন ৫০ শতাংশ কমিয়ে আনা, প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমানো এবং ২০২৬ সালের মধ্যে প্লাস্টিকের পুনঃব্যবহার ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করা হয়। সরকার প্লাস্টিকের পুনর্ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য বেশকিছু নিয়মও চালু করেছে।
বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২০১০ সালে চালু করা হয় ন্যাশনাল থ্রি আর (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) কৌশল, যার লক্ষ্য বর্জ্য উৎপাদন কমানো এবং পুনর্ব্যবহার পদ্ধতির উন্নত করা। এছাড়া, বাংলাদেশের গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) টেকসই বর্জ্য ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, যারা প্লাস্টিক পণ্য উৎপাদন ও ব্যবহার করবে, তাদেরকে দূষণের জন্য দায়ী করা হবে।
সাবের হোসেন চৌধুরী বলেন, আমাদের ১০০ দিনের কর্মসূচিতে এক্সটেন্ডেন্ট প্রডিউসার রেসপনসিবিলিটির কথা আছে। অর্থাৎ যারা প্লাস্টিক পণ্য ব্যবহার করবে, তাদের আমরা দূষণের জন্য দায়ী করবো। এজন্য তাদের একটি অর্থনৈতিক মূল্য নির্ধারণ করে দেব। উৎপাদন ও নকশায় কীভাবে তারা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনবে, সেটাও বলা হবে।
সিঙ্গেল ইউজ বিবেচিত হবে যেসব পণ্য : প্লাস্টিকদূষণ থেকে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের (এসইউপি) তালিকা তৈরি করেছে পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়। যেসব প্লাস্টিক পণ্য একবার ব্যবহারের পর আর কোনো কাজে লাগে না, সেগুলোই সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে পরিচিত।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এর আগে কখনো এমন তালিকা তৈরি হয়নি। এসইউপির প্রাথমিক তথ্য সংগ্রহের বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও এই পণ্য উৎপাদন ও ব্যবহার হ্রাসে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
সিঙ্গেল ইউজ প্লাস্টিক হলো- স্ট্র, স্টাইরার, একবার ব্যবহারযোগ্য তৈজসপত্র বা কার্টলারি, বেলুন, আইসক্রিম বা ললিপপের সাথে ব্যবহƒত প্লাস্টিকের লাঠি/কাঠি, ১০০ মাইক্রন পুরুত্বের কম প্লাস্টিক ব্যানার, পোস্টারের প্লাস্টিক মোড়ক, বিভিন্ন পণ্যের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের মিনিপ্যাকেট/সৌখিন ধারক, চকলেট এবং ললিপপের প্লাস্টিক মোড়ক, স্টাইরোফোমের খাবার মোড়ক বা ধারক, পাতলা প্লাস্টিকের আবরণযুক্ত ফাস্ট ফুডের মোড়ক, প্লাস্টিকের দাওয়াত কার্ড এবং প্রচারণা সামগ্রীর ওপর ব্যবহƒত থার্মাল ল্যামিনেশন, পাতলা প্লাস্টিক আবরণযুক্ত সিগারেটের প্যাকেট/টিস্যু পেপার/টয়লেট রোল/সাবানের মোড়ক, পলিইথাইলিন এবং পলিপ্রপাইলিন মিশ্রণ দ্বারা তৈরি কোনো শপিং ব্যাগ/ঠোঙ্গা/ধারক, যে কোনো পণ্যের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্যাকেজিং, সিগারেট ফিল্টার, প্লাস্টিকের বোতল এবং ক্যাপ।
ইউডি/এআর

