আহতদের ঢামেক থেকে বের না হতে দেওয়ার অভিযোগ

আহতদের ঢামেক থেকে বের না হতে দেওয়ার অভিযোগ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ জুলাই, ২০২৪, আপডেট ১৮:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটাবিরোধী আন্দোলকারীদের ওপর ছাত্রলীগের হামলায় অন্তত ৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে চিকিৎসা শেষে আহতদের হাসপাতাল চত্বর থেকে বের হতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ জুলাই) বিকেলে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসা শেষে বের হতে চাইলেও তাদের বের হতে দেওয়া হচ্ছে না বলে জানান কয়েকজন শিক্ষার্থী। এ ছাড়া ঢামেক ও বার্ন ইউনিটের সামনে ছাত্রলীগের কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। ফলে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন জানান, আমার কয়েকজন বন্ধু আহত হওয়ায় তাদের ঢামেকে এনেছি। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু বের হতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া হাসপাতালের সামনে ছাত্রলীগ অবস্থান নিয়েছে। ফলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ছাড়া আহত শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের হামলায় ছয় ছাত্রী আহত হন। রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, জিয়া হল, শহীদুল্লাহ হল, ৭১ হলেও ছাত্রলীগের কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আহত করে। আহতদের বেশিরভাগ মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন।

ঢামেকে আসা আহতরা হলেন— সায়মা, তামান্না, ফাহমিদা, এসকায়া, মাহমুদুল হাসান, ইয়াকুব, নাজিব, মাসুদ, জাহিদ, সাখাওয়াত, সায়মন, সাকিব, ইভা, ইমরান, কাজি তাসনিম, সাকিল, ইভা, ফাহিম, এনামুল, শাকিল, হামজা, রিফাদ রশিদ, জহির, তিশা, রানা, সুজন, সাখাওয়াত, রফিক, সীমা, ইমু, ইসরাত, জুয়েল, জুবেল, লিখন, সাজ্জাদ, আভানা, নাঈম, সাব্বির, রায়হান, কাইয়ুম, মেঘ বাসু, সাকিব, ফাহিম, আহসানুল্লাহ, লাবিব, তানভীর, ফাহমিদুল, রেয়োম, শাকিল, প্রিয়া, সাব্বির, মাসুম, ফাহিন, ইমন, আবু যাহেদ, শুভ, সাকিব, মাহবুব, জুনায়েত, মুরাদ, মেহেদী আসাদুল্লাহ, খোকন, উজ্জ্বল, অরপি, ইতি,রাফিম, সিয়াম, অমি, জামিয়া, সুমন, রিজভী, আবিদ ও তরিকুল। এছাড়াও চিকিৎসা নিতে আসা পাঁচজন শিক্ষার্থীর নাম জানা যায়নি।

রবিবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিকেল ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। একইস্থানে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ছাত্রলীগ। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ভিসি চত্বরের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে অন্তত ৮০ জন আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে গেছে বলে জানা গেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading