শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবে দেশের মানুষ: নৌবাহিনী প্রধান

শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবে দেশের মানুষ: নৌবাহিনী প্রধান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, আপডেট ১৫:৩০

সরকারের নির্দেশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে জানিয়ে চলমান পরিস্থিতি থেকে দেশের মানুষ খুব শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে এবং যেকোনও নাশকতামূলক ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড রুখতে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১টায় মোংলা সমুদ্রবন্দর পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি দেখে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় নৌবাহিনী প্রধান আরও বলেন, ‘সকলের গর্ব পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেশের আমদানি-রফতানিসহ বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল রাখতে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বন্দরকে ঘিরে গড়ে ওঠা শিল্প এলাকা, ইপিজেডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী কাজ করে যাচ্ছে।’

সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য গণমাধ্যম সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।’ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান নৌবাহিনীর শীর্ষ পদস্থ এই কর্মকর্তা।

সকলের সহযোগিতা পেলে দেশের চলমান পরিস্থিতি থেকে খুব শিগগিরই উত্তরণ এবং দেশকে পুনরায় উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান ও খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ পদস্থ কর্মকর্তারা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading