দুর্গাপূজায় ছুটি বাড়ানো নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
উত্তরদক্ষিণ। সোমবার, ১২ আগস্ট, ২০২৪, আপডেট ১৬:৫৫
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় তিন দিনের ছুটির সুপারিশ করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজার দুই-তিন দিন ছুটি দিলে অসুবিধা কি? ছুটিতে আমরাও উপভোগ করবো, সমস্যা তো নেই। এ বিষয়ে সচিবকে বলেছি। এ সময় ছুটি বাড়ানোর বিষয়ে কেবিনেটে আলোচনা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আমাদের কাজ হলো লোকজনকে সুরক্ষা দেয়া। হিন্দ, মুসলিম কিংবা খ্রিষ্টান যাই হোক না কেন, সবাইকে সুরক্ষা দেয়া আমাদের দায়িত্ব।
সংখ্যালঘু শব্দ ব্যবহার না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, যারা সংখ্যালঘু শব্দ ব্যবহার করছে, তারা না বুঝে এই শব্দ ব্যবহার করছে। এ সময় শাহবাগে গণ্ডগোল পাকিয়ে লাভ হবে না মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শাহবাগে গণ্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না বরং জনগণ আবার ফুঁসে উঠবে। আপনারা (আওয়ামী লীগ) নতুন করে দল গঠন করুন, নতুন মুখ নিয়ে আসুন।
ইউডি/এজেএস

