দুই দেশের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে: ইন্ডিয়ার হাইকমিশনার
উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, আপডেট ১৪:০০
ঢাকায় নিযুক্ত ইন্ডিয়ার হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশ ও ইন্ডিয়ার মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি।
বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
ইন্ডিয়ার হাইকমিশনার সাংবাদিকদের বলেন, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। কোনো এজেন্ডা ছিল না।
তিনি বলেন, দুই দেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ইন্ডিয়া। দুই দেশের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তবে ইন্ডিয়ায় অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে করা প্রশ্নের জবাব দেননি প্রণয় ভার্মা।
ইউডি/কেএস

