কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা হানিফের বিরুদ্ধে হত্যা মামলাা

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা হানিফের বিরুদ্ধে হত্যা মামলাা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, আপডেট ২০:০০

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই ব্যক্তি নিহতের ঘটনায় দুটি পৃথক হত্যা মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফকে আসামি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে দুটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার লুকমান হোসেনের ছেলে আবদুল্লাহ (১৩) এবং সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের মৃত নওশের আলীর ছেলে বাবু (৩২)।

আবদুল্লাহ তার বাবার সঙ্গে শহরের ফায়ার সার্ভিসের সামনে চায়ের দোকানে কাজ করতেন। বাবু স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। গত ৫ আগস্ট বিকেলে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে তারা দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। বাবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়ায় আন্দোলনের সমন্বয়ক রাইসুল হক।

নিহত আবদুল্লাহর পক্ষে তার বাবা লুকমান হোসেন এবং বাবুর পক্ষে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাইসুল হক মামলা দুটি করেন।

মামলা দুটিতে এজাহার নামীয় অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ ৪৯ জন। এসব মামলায় নাম না জানা আসামি ৭০ জন।

কুষ্টিয়া মডেল থানা ওসি মাহফুজুল হক চৌধুরী জানান, এখন পর্যন্ত মামলাগুলোর কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading