ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপিতে সংঘর্ষ 

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ  নিয়ে বিএনপিতে সংঘর্ষ 

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, আপডেট ০১:২০

গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী। শনিবার মহানগরের পূবাইল মাজুখান এলাকায় বেসিক সার্ট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

তাদের একাংশ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর কর্মী-সমর্থক বলে জানা গেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে মাজুখান এলাকার রিদওয়ান পেট্রোল পাম্পের সামনে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মাসুদ ও মেহেদী হাসান মবিনের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে একপক্ষে অংশ নেন পাপ্পুর কর্মী ৩৯ ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, পূবাইল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মনসুর, যুবদলের যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিব, রুবেল আহমেদ জীবন, ৪০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার, জহিরুল ইসলাম বাবু, আজমীন খানসহ অজ্ঞাত ২০-৩০ জন। অন্যপক্ষে ছিলেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওসমান খান এবং তাঁর সহযোগী মো. সুমন, রাজু শেখ, মো. হাসান, মজনু খানসহ আরও কয়েকজন। 

এ সময় মবিনের নেতৃত্বে নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলার শিকার যুগান্তরের মহানগর প্রতিনিধি আখতার হোসেন জানান, তখন ৯ জন সংবাদকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে তারা তেড়ে আসে। তারা সংবাদকর্মীদের দুটি গাড়িতে হামলা করে। একটি ক্যামেরা ও নগদ ৩ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়।

কারখানার কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ছাত্রদল ও যুবদলের পরিচয় দিয়ে কারখানার ঝুট নিতে আসা লোকজন ব্যবসার ক্ষতি করছে। পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল বলেন, সাংবাদিকের ওপর হামলাকারীরা দলের কেউ নয়। মবিনকে তিনি চেনেন না।

ইউডি/এসআই

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading