শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও তিন মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও তিন মামলা

উত্তরদক্ষিণ। বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ০৮:০০

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও তিনটি হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা হয়। পরে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং শুনানি শেষে মামলার আবেদনগুলো যাত্রাবাড়ী ও মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

গুলি করে ফরিদপুরের যুবদল নেতা মান্দার মোল্লাকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে নিহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদী মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জুনায়েদ আহমেদ পলক ও কামরুল ইসলাম।

গুলি করে ছাত্র মমিনুল ইসলাম হৃদয়কে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে নিহতের পিতা মো. বিপ্লব হোসেন বাদী মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলি আরাফাত, আনিসুল হক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাহাঙ্গীর কবির নানক ও মাহবুবুল আলম হানিফ।

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় গুলিতে সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে সোহেলের ছোট ভাই জুয়েল মামলা করেন। আদালত অভিযোগটি যাত্রাবাড়ী থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন-ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাজাহান খান, শেখ হেলাল, শেখ সারহান নাসের তন্ময়, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মহিবুল হাসান চৌধুরী নওফেল, হাজী সেলিম, শেখ ফজলে নুর তাপস, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, শাহরিয়ার কবির, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, অপু উকিল ও যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যান সোহেল রানা। সেখানে অন্যান্য আসামিদের নির্দেশে পুলিশের পোশাক পরিহিত লোকের গুলিতে গুলিবিদ্ধ হন সোহেল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading