টাকা ধার পেতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হলো যেসব ব্যাংক
উত্তরদক্ষিণ। রবিবার (২২ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:৫৫
তারল্য সংকট নিরসনে ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ঋণ হিসেবে টাকা ধার পেতে নিজ নিজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) থেকেই এ চুক্তি কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র।
জানা যায়, আমানত প্লেসমেন্ট হিসেবে দুর্বল ব্যাংককে নির্ধারিত মেয়াদে বিশেষ ধার দিবে ভালো ব্যাংক। যদিও কোনো সবল ব্যাংককে টাকা ধার দিতে বাধ্য করা হবে না।
ব্যাংকের পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে পাঁচ ব্যাংক। এগুলো হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক। চুক্তিপত্রের বিপরীতে এসব ব্যাংক নির্ধারিত মেয়াদে বিশেষ ধার পাবে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি থাকার কারণে ঝুঁকিমুক্ত এ ধার দিতে আগ্রহ দেখাচ্ছে অন্তত ১৪টি ব্যাংক। এর মধ্যে সোনালী, ডাচ্-বাংলা, ব্র্যাক, সিটি ও শাহ্জালাল ইসলামী ব্যাংক রয়েছে।
ইউডি/এবি

