সাজেকে পর্যটক ভ্রমণে প্রশাসনের নিরুৎসাহ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৪:২৫
পার্বত্য জেলার সাম্প্রতিক সময়ে অস্থিরতা ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত তিন দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এই সিদ্ধান্তের বিষয়টি জানান। তিনি বলেন, বর্তমানে পার্বত্য জেলায় যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে পর্যটক ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না শুধু নিরুৎসাহিত করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। যা পরবর্তীতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ছড়িয়ে পড়ে চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। দীঘিনালার এই সড়ক ধরে খাগড়াছড়ি থেকে সাজেকে যেতে হয়। গত শনিবার থেকে ৭২ ঘণ্টার অবরোধে কারণে আটকা পড়ে দেড় হাজার পর্যটক। এ সময় যান চলাচল বন্ধ থাকায় এবং বিদ্যুৎ সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাজেকে বিদ্যুৎ-পানি ও খাদ্য সঙ্কটে পড়েন পর্যটকরা।
ইউডি/কেএস

