পাহাড়ে গিয়ে গুজব নিয়ে সতর্ক করলেন সেনাপ্রধান
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:৩৫
পার্বত্য চট্টগ্রাম এলাকার উত্তপ্ত পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। তবে পাহাড়ে অশান্ত পরিস্থিতি রোধে যেকোনো গুজব থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া পরিদর্শন করেন সেনাপ্রধান।
পরিদর্শনকালে সেনাপ্রধান বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং যৌথবাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রমের পাশাপাশি বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেয়ার পাশাপাশি সততা, সত্যনিষ্ঠ ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সেনাবাহিনীপ্রধান চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত সব পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এরপর তিনি আর্মি মেডিকেল কলেজের একটি বহুতল ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনসহ বৃক্ষরোপণ করেন।
এছাড়া তিনি সব পদবির সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন। এসময় তিনি তার মূল্যবান বক্তব্যের শুরুতেই শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে সেনাপ্রধান পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের নানিয়ারচর জোন সদর পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান স্থিতিশীলতা বজায় রাখা, সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা দেয়াসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদাপ্রস্তুত থাকার নির্দেশনা দেন।
ইউডি/এবি

