ইন্ডিয়া জেতায় সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের

ইন্ডিয়া জেতায় সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:৫৫

ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ ড্র করেছিল সাইফুল বারীর দল। সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল, তবে সেটি পুরোপুরি নির্ভর করছিল থিম্পুতে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইন্ডিয়া-মালদ্বীপ ম্যাচের ফলে।

এ ম্যাচে ইন্ডিয়া মালদ্বীপকে ২ গোল বা এর বেশি ব্যবধানে হারালেই ভাগ্য খুলত বাংলাদেশের। শেষ পর্যন্ত ইন্ডিয়ার হাত ধরেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ গ্রুপের শেষ ম্যাচে ইন্ডিয়া ৩-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

সেমিফাইনালের দৌড়ে মালদ্বীপ বাংলাদেশের চেয়ে একটু এগিয়ে ছিল। সেটি হলুদ কার্ডের হিসাবে। বাংলাদেশের খেলোয়াড়েরা মালদ্বীপের খেলোয়াড়দের তুলনায় একটি হলুদ কার্ড বেশি দেখেছেন। তবে আজ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে মালদ্বীপ একটি হলুদ কার্ড দেখায় এই জায়গায় এসেছিল সমতা। কিন্তু সেটি ম্যাচের ৭০ মিনিটের আগে নয়। এ সময় পর্যন্ত মালদ্বীপ ১-০ গোলে পিছিয়ে থাকলেও হলুদ কার্ডের হিসাবে এগিয়ে ছিল। তারপর মালদ্বীপের খেলোয়াড়ের হলুদ কার্ড দেখা ও দ্বিতীয় গোল হজম বাংলাদেশের সেমিফাইনালের রাস্তা পরিষ্কার করে দেয়। ম্যাচের শেষ দিকে তৃতীয় গোলটি আদায় করে নেয় ভারত। ১৩, ৭৪ ও ৮৯ মিনিটে ৩টি গোল করেছে ইন্ডিয়া।

দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ইন্ডিয়া ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। বাংলাদেশ ও মালদ্বীপের সংগ্রহ ২ ম্যাচে সমান ১ পয়েন্ট করে। কিন্তু গোল গড়ে বাংলাদেশ শ্রেয়তর অবস্থানে (-১)। আজ ইন্ডিয়ার কাছে হারায় গোল গড়ে (-৩) বাংলাদেশের নিচে নেমে গেছে মালদ্বীপ। এই সমীকরণে গ্রুপ পর্বে কোনো জয় না পেয়েও বাংলাদেশ পেয়েছে সেমিফাইনালের টিকিট।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading