শামীম ওসমান-আইভীসহ ১০১ জনের নামে আরও এক হত্যা মামলা

শামীম ওসমান-আইভীসহ ১০১ জনের নামে আরও এক হত্যা মামলা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, আপডেট ১৯:০০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় করা গুলিতে রাকিব (২১) নামে এক রাজমিস্ত্রী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ ১০১ জনের নামে ও অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করা হয়েছে।

এ নিয়ে আইভিকে মোট তিনটি হত্যা মামলায় আসামি করা হলো।

মামলায় অন্য আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, নাসিকের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, নুরুদ্দিন মিয়া, শাহজালাল বাদল, সিরাজুল ইসলাম মণ্ডল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আমিনুল হক রাজু, শ্রমিকলীগ নেতা সামাদ বেপারীসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজমিস্ত্রী রাকিব কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী ১০তলা সংলগ্ন এলাকায় অভিযুক্ত আসামিদের গুলিতে আহত হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

ওসি আল মামুন বলেন, আদালতের নির্দেশ মামলাটি রেকর্ড করা হয়েছে। এর আগে নিহত রাকিবের চাচাতো ভাই আব্দুর রহমান বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading