ইউনূস-মোদির বৈঠক হতে পারে নভেম্বরে: পররাষ্ট্র উপদেষ্টা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১ অক্টোবর), ২০২৪, আপডেট ২১:০০
থাইল্যান্ডে আঞ্চলিক জোট বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার সম্ভাবনার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উপদেষ্টার বৈঠকের প্রসঙ্গে টেনে করা এক প্রশ্নে এ কথা বলেন তিনি। নভেম্বরে বিমসটেকের এ সম্মেলনের সূচি নির্ধারণ হতে পারে বলে তুলে ধরেন তিনি।
মঙ্গলবার ঢাকায় বিফ্রিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছার আগের দিন প্রধানমন্ত্রী মোদি ফিরে আসায় জাতিসংঘের সদরদপ্তরে তাদের দেখা হয়নি। অক্টোবরে সামোয়াতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনেও যাবেন না দুই নেতা। ওই সময়ে ব্রিকস সম্মেলনে যাবেন নরেন্দ্র মোদী।
‘আমরা কথা বলেছি হয়ত আগামী মাসে (থাইল্যান্ডে) বিমসটেকের সামিট যখন হবে, প্রত্যাশিত, এখনও তারিখ নির্ধারণ হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে। সেখানে হয়ত দুপক্ষের মধ্যে আলাপ-আলোচনা হতে পারে।’
এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা যেটা স্বাভাবিক প্রত্যাশা করি যে, আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছি।
সর্বোচ্চ পর্যায়ের বৈঠক এখনও না হলেও অন্যান্য পর্যায়ে আলোচনা চলমান রাখার বিষয়ে কথা হওয়ার কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক যে কনসার্নগুলো আছে, সেগুলো সমাধানের চেষ্টা করব।
ইউডি/এবি

