এ বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৮ অক্টোবর), ২০২৪, আপডেট ২২:০০
ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টয় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৯৩ জনের। আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৭৮৯ জন।
মঙ্গলবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এ পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ১৩০ জন। ৬৩ জন মারা গেছেন ঢাকার বাইরে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ১৯৬ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটিতে ১৮০, ঢাকা বিভাগের অন্যান্য স্থানের হাসপাতালে ১৫৯, চট্টগ্রাম বিভাগে ১৮০, বরিশাল বিভাগে ৯৩, খুলনায় ৯৫, ময়মনসিংহে ১৭, রংপুরে ৩০, রাজশাহীতে ৪৭ ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে চারজন ভর্তি হয়েছেন।
দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। সেই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। গত বছর সবচেয়ে বেশি ৩৯৬ জনের মৃত্যু হয়েছিল সেপ্টেম্বরে। ওই মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ হাজার ৫৯৮ জন। অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৩৫৯ জনের, হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৭ হাজার ৭৬৯ জন।
ইউডি/এবি

