বিএনপি যদি ক্ষমতায় আসে, সমস্যা কোথায়, প্রশ্ন গয়েশ্বর রায়ের

বিএনপি যদি ক্ষমতায় আসে, সমস্যা কোথায়, প্রশ্ন গয়েশ্বর রায়ের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৫ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:৫০

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, জনগণ আপনাদের সঙ্গে আছে। জনগণ তো আপনাদের সহযোগিতা করছে। কিন্তু জনগণের ন্যায্য পাওনা তাদের ভোটাধিকার কবে দেবেন, এটা বলতে আপনাদের দ্বিধা কেন? কী কারণে, আপনারা কি এটা নিয়ে বিব্রত?

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘শহীদ নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু ফাউন্ডেশন’ আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব প্রশ্ন তোলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, জানা-অজানা হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে শুধু একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে, অন্য কিছুর জন্য বসানো হয়নি। নির্বাচনটা সঠিকভাবে হওয়ার দিকে নজর দিন। সে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আপনাদের সমস্যা কোথায়? অন্য কেউ ক্ষমতায় এলেও সমস্যা কোথায়? আপনাদের ঘাড়ে চেপে বসে আছে শেখ হাসিনার পরিত্যক্ত আমলা, প্রেতাত্মারা। তারা দেশ চালাচ্ছে, আর আপনারা সংস্কারের গল্প শুনিয়ে শুনিয়ে মানুষের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গয়েশ্বর আরও বলেন, কী নির্বাচনী সংস্কার করবেন? কাকে নিয়ে সংস্কার করবেন? কুসংস্কারে আচ্ছন্ন যেসব লোক রয়েছে, তাদের নিয়ে আপনি সংস্কার করবেন? আর সে সংস্কার করতে হলে আপনাকে রাজনীতিবিদদের পরামর্শ নিতে হবে।

পতিত আওয়ামী লীগ সরকারে মন্ত্রী-নেতারা কীভাবে দেশ ছেড়ে যেতে পারল, তার সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, যারা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছে; তাদের ব্যাপারে জাতি একদিন জানতে চাইবে, এখন হয়তো কিছু বলছেন না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading