বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, আপডেট ১২:১৫

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হ‌য়ে‌ছেন আল্লামা মুফতি আবদুল মালেক।

শুক্রবার (১৮ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের সই করা এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে বলা হয়, দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেককে (হাফি.) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করা হয়েছে।

গতকাল সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদীস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন প্রখ্যাত ইসলামি স্কলার। বিশ্বখ্যাত ইসলামি পণ্ডিত মুফতি বিচারপতি তাকী ওসমানী (হাফি.) তাঁর উস্তাদ। আরব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামি পণ্ডিত ও সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধ্যাপক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ (রহ.)’র অধীনে তিনি দুই বছর হাদীস ও ইসলামি আইন বিষয়ে উচ্চতর গবেষণা পরিচালনা করেন।

তিনি মক্কা, মদীনা, পাকিস্তান, ভারত ও তুরস্ক সফর করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি ইতোমধ্যে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন। এছাড়া, তাঁর তত্ত্বাবধানে মাসিক আল-কাউসার নামে নিয়মিত গবেষণা পত্রিকা বের হয় ব‌লেও বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading