প্রশস্ত রাস্তা নির্মাণে জায়গা ছেড়ে দিতে বললেন ডিএনসিসি প্রশাসক

প্রশস্ত রাস্তা নির্মাণে জায়গা ছেড়ে দিতে বললেন ডিএনসিসি প্রশাসক

উত্তরদক্ষিণ। রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, আপডেট ১০:০০

নতুন রাস্তা নির্মাণ হওয়া এলাকাবাসীর উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেছেন, রাস্তা নির্মাণের জন্য আপনারা সবাই কিছুটা জায়গা ছেড়ে দিলে প্রশস্ত রাস্তা নির্মাণ করা সম্ভব হবে, এর সুফল আপনারাই ভোগ করবেন।

শনিবার (১৯ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অন্তর্গত নতুনবাজার, বেরাইদ, সাঁতারকুল ও ফকিরখালী এলাকায় রাস্তার চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি এলাকাবাসীদের উদ্দেশ্যে এ কথা বলেন।

মাহমুদুল হাসান বলেন, নতুন এলাকায় রাস্তা ও ড্রেনেজ নির্মাণের জন্য আমাদের প্রকল্প নেওয়া হয়েছে। সম্পূর্ণ প্রস্তুতি আমাদের আছে। তবে প্রশস্ত রাস্তা নির্মাণের জন্য এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। রাস্তা নির্মাণের জন্য আপনারা সবাই কিছুটা জায়গা ছেড়ে দিলে প্রশস্ত রাস্তা নির্মাণ করা সম্ভব হবে, এর সুফল আপনারাই ভোগ করবেন।

ডিএনসিসির প্রশাসক বলেন, ডিএনসিসিতে নতুনভাবে সংযুক্ত এলাকায় স্থায়ীভাবে টেকসই উন্নয়নের জন্য রাস্তা ও ড্রেনেজ নির্মাণের কাজ চলমান। রাস্তা ও ড্রেনেজের কাজগুলো করতে গিয়ে জনগণের কিছুটা ভোগান্তি হয়েছে। এবছর সেপ্টেম্বর অক্টোবর মাসেও প্রবল বৃষ্টি হওয়ায় স্বাভাবিক গতিতে কাজ চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। এই এলাকার মানুষের ভোগান্তি লাঘবে কাজের গতি বাড়িয়ে দ্রুত সময়ে কাজ শেষ করা হবে। পুরোদমে কাজ শুরু হয়েছে। কয়েকটি রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে, আগামী এক সপ্তাহের মধ্যে ঢালাইয়ের কাজ শুরু হবে। ডিসেম্বরে রাস্তার চলমান কাজগুলো পুরোপুরি সম্পন্ন হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাছিমা খানম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক হাসান মো. আল মাসুদ প্রমুখ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading