বিজিএমইএর প্রশাসক হলেন আনোয়ার হোসেন
উত্তরদক্ষিণ। রবিবার (২০ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:০০
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রবিবার (২০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) মো. আবদুর রহিম খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিজিএমইএ বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সংগঠনটির পরিচালনা পর্ষদের সভাপতি এস. এম. মান্নান (কচি) পরিচালনা পর্ষদের নিকট পদত্যাগ করেছেন এবং গত ২৪ আগস্ট পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হলেও পরিচালনা পর্ষদ গঠন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল। সাধারণ সদস্যদের উপস্থাপিত অভিযোগের বিষয়ে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রতিনিধিরা সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি।
পোশাক শিল্পের চলমান অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের কারণে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং বিজিএমইএর পুনর্গঠিত পরিচালনা পর্ষদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বর্তমান পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭(১) অনুযায়ী ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।
বিজিএমইএর সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ ও চলমান অস্থিরতা দূরীকরণের লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪, সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক। তাই বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে।
এ পরিস্থিতিতে সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে বিজিএমইএর প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
ইউডি/এবি

