ছাত্র আন্দোলনে জাপার নেতাকর্মীরাও অংশ নিয়েছে: জি এম কাদের
উত্তরদক্ষিণ। সোমবার (২১ অক্টোবর), ২০২৪, আপডেট ২২:০০
সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসা ‘আওয়ামী লীগের দোসর’ বক্তব্য মানতে পারছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
সোমবার (২১ অক্টোবর) জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেছেন, এই আন্দোলনে তার দলের নেতাকর্মীদেরও অংশগ্রহণ ছিল। তাদের কর্মীরাও মারা গেছেন।
আওয়ামী লীগের পতনের পর ভেঙে দেওয়া সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্রদের আমরা ‘বীর মুক্তিসেনা’ উপাধি দিয়েছি। আন্দোলনের সময় আমি বলেছি, ‘শিক্ষার্থীরা আমার সন্তানের মত’, আর এখন তারা বলছে আমরা আওয়ামী লীগের দোসর’। এটা খুবই দুঃখজনক।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিও ছিল।
এই দলটি ২০০৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে যোগ দেয়। ২০১৪ থেকে তিনটি নির্বাচনে জোট অথবা সমঝোতা করেই অংশ নেয়, টানা তিনটি সংসদে তারা ছিল বিরোধী দল।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার সংলাপেও জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়। তবে পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর বিরোধিতা করতে থাকলে পরিস্থিতি পাল্টে যায়।
ইউডি/এবি

