আয়কর অব্যাহতি পাবে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান

আয়কর অব্যাহতি পাবে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান

উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, আপডেট ০৯:০০

নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী সব কোম্পানিকে আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে যাওয়া কোম্পানিকে ১০ বছরের জন্য শর্তসাপেক্ষে এই অব্যাহতি সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), আয়কর আইন, ২০২৩ এর ধারা ৭৬ এর উপধারা (১) অনুযায়ী শর্তসাপেক্ষে প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ-এর আওতায় বিওও ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিকে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। যেসব কোম্পানির বাণিজ্যিক উৎপাদন ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে আরম্ভ হবে, সেসব কোম্পানি শর্তসাপেক্ষে কর অব্যাহতি সুবিধা পাবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক উৎপাদন আরম্ভ থেকে প্রথম পাঁচ বছর পর্যন্ত (প্রথম থেকে পঞ্চম বছর) শতভাগ কর অব্যাহতি সুবিধা পাবে। পরবর্তী তিন বছর (ষষ্ঠ থেকে অষ্টম) অব্যাহতি সুবিধা ৫০ শতাংশ ও পরবর্তী দুই বছর (নবম ও দশম) ২৫ শতাংশ কর অব্যাহতি সুবিধা পাবে কোম্পানিগুলো।

শর্তের আরও বলা হয়েছে, আয়কর আইনের সব বিধানাবলি পরিপালন করতে হবে এবং প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ-এ নির্ধারিত সব শর্তাবলি পূরণ করতে হবে এবং পলিসিতে বর্ণিত ব্যবস্থা অনুসারে কোম্পানিগুলো পরিচালিত হতে হবে। ২০২৫ সালের ১ জুলাই থেকে এ অব্যাহতি সুবিধা কার্যকর হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading