গাজায় প্রাণহানি ছাড়াল ৪৩ হাজার ৬০০, লেবাননে ৩২০০
আশিকুর রহমান । বুধবার, ১৩ নভেম্বর , ২০২৪, আপডেট ১৫:৪৫
প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৪০ প্যালেস্টাইনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক প্যালেস্টাইনি। মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা ভূখন্ডটির দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় লোকদের ওপর ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে এই এলাকাকে “নিরাপদ অঞ্চল” হিসাবে ঘোষণা করেছিল। বার্তা সংস্থা বলছে, যুদ্ধ-বিধ্বস্ত এই ছিটমহলের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমে অবস্থিত ছোট তাঁবুর ওই ক্যাফেতে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় সোমবার গভীর রাতে কমপক্ষে ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এই হামলা এটিই প্রমাণ করছে যে, ‘নিরাপদ এলাকা’ সম্পর্কে ইসরায়েলি দাবিগুলো কেবলই মিথ্যা বর্ণনা ছাড়া আর কিছুই নয়। লোকেরা ইন্টারনেট এবং বাইরের বিশ্বের সাথে যুক্ত হতে বা বড় পর্দায় ফুটবল খেলা দেখতে এই কফি শপে যায়। গভীর রাতে ড্রোন থেকে ওই ক্যাফেতে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যখন লোকেরা সেটির ভেতরে ছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, সেসময় এই ক্যাফটি মানুষে পূর্ণ ছিল।
লেবাননজুড়ে বর্বরতা, হত ছাড়াল ৩২০০: লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৬ জন। মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৫৪ জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে।এক বিবৃতিতে লেবানিজ এই মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েলি হামলায় গত একদিনে আরও ৫৬ জন আহত হয়েছেন। এর ফলে গত অক্টোবর থেকে মোট আহতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ১৩৪ জনে পৌঁছেছে।
মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনাসদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। এমন অবস্থায় যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূরেও ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।
ইউডি/এজেএস

