ট্রাম্প প্রশাসনে যে পদ পাচ্ছেন কেনেডি জুনিয়র

ট্রাম্প প্রশাসনে যে পদ পাচ্ছেন কেনেডি জুনিয়র

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৫ নভেম্বর , ২০২৪, আপডেট ১৮:০৫

আমেরিকার স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) প্রধান হিসেবে রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিতর্কিত এই রাজনীতিক বরাবরই ভ্যাকসিনের বিষয়ে সংশয়বাদী এবং ট্রাম্প প্রশাসনে এই পদ পাওয়ার জন্য তিনি লবিংও করেছিলেন। শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত রাজনীতিবিদ এবং ভ্যাকসিন-সন্দেহবাদী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন। কেনেডি নিজেও মার্কিন নির্বাচনে প্রার্থী ছিলেন।

তবে একপর্যায়ে তিনি নিজের নির্বাচনী প্রচারণা স্থগিত করেন এবং রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে সমর্থন জানান। এরপর তিনি স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) প্রধান পদটি পাওয়ার জন্য লবিংও করেছিলেন।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ বৃহস্পতিবার লিখেছেন, “আমি রবার্ট এফ কেনেডি জুনিয়রকে আমেরিকার স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) সেক্রেটারি হিসাবে ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত।”

তিনি আরও বলেন, “খুব দীর্ঘ সময় ধরে আমেরিকানরা শিল্প খাদ্য কমপ্লেক্স এবং ওষুধ কোম্পানিগুলোর মাধ্যমে শোষিত হয়েছে। এসব কোম্পানি জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তিতে জড়িত ছিল।”

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। তবে এর আগেই নিজের প্রশাসন সাজাবেন তিনি।

মূলত নির্বাচিত হওয়ার পর নতুন করে প্রায় চার হাজার পদে নিয়োগ দিতে হয় আমেরিকার প্রেসিডেন্টকে। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন।

ইতোমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের হোস্ট পিট হেগসেথ ও হোমল্যান্ড সিকিউরিটির (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জন্য ক্রিস্টি নোয়েমের নাম জানিয়েছেন তিনি। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস।

এছাড়া গত সপ্তাহে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসের নাম ঘোষণা করেন ট্রাম্প। ৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ। তিনি ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের দুই ম্যানেজারের একজন।

আর গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প জানান, ইলন মাস্ক ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীকে নতুন একটি দপ্তরের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি। দপ্তরটির নাম হবে “ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি”।

আর গত বুধবার আমেরিকার নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিজের বিশ্বস্ত ও অনুগত ম্যাট গেটজকে বেছে নেওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading