চট্টগ্রামে সংঘাতের সব মামলায় চিন্ময়কে প্রধান আসামি করার দাবি
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:৪০
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতে টানা দ্বিতীয় দিন কর্মবিরতি পালন শেষে সমাবেশ থেকে সব মামলায় সনাতনী জানগণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে প্রধান আসামি করার দাবি জানানো হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তের কারণে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম আদালতের ৭৪টি আদালতে বিচারিক কার্যক্রম হয়নি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে আইনজীবীদের একটি মিছিল বের হয় আদালত প্রাঙ্গণ থেকে। মিছিলটি নগরীর লালদীঘির পাড় ও কোতয়ালী মোড় থেকে ঘুরে আবার আদালত চত্বরে এসে শেষ হয়।
এরপর চট্টগ্রাম পুরাতন আদালত ভবনের সামনের চত্বরে মানববন্ধন ও সমাবেশে অংশ নেন আইনজীবীরা।
সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন অভিযোগ করেন, মঙ্গলবারের সংঘাতে পুলিশকে তারা নিষ্ক্রিয় দেখেছেন।
তিনি বলেন, পুলিশ প্রিজন ভ্যান ফেলে দিয়ে দূরে দাঁড়িয়ে ছিল। আমরা এতে পুলিশের ইন্ধন ছিল মনে করি। আমরা মনে করি, কোন এক জায়গা থেকে এই ষড়যন্ত্র হয়েছে।
সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাশের সমর্থকরা কীভাবে প্রিজন ভ্যানের কাছে গেছে, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, “পত্রিকায় দেখেছি, চিন্ময় দাশ প্রিজন ভ্যান থেকে হ্যান্ডমাইক দিয়ে বক্তব্য দিয়েছেন। বক্তব্য দিয়ে বলেছে, তার আন্দোলনে সমর্থকদের এগিয়ে যাওয়ার জন্য।
“যতগুলো মামলা হবে এই চিন্ময় দাশ যেন এক নম্বর আসামি হয়। যদি তাকে আসামি করা না হয়, তাহলে আমরা মানব না।”
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য ‘ষড়যন্ত্র’ হচ্ছে দাবি করে এই আইনজীবী নেতা বলেন, পুলিশ নীরব ভূমিকা পালন করছে। আমরা মনে করি, পুলিশের মধ্যে ‘ফ্যাসিস্ট সরকারের’ প্রেতাত্মারা এখনও অবস্থান করছে। তারা এই সরকারকে ব্যর্থ করতে চায়। আমরা ব্যর্থ হতে দেব না।
ইউডি/এবি

