কলকাতা মিশনে ইন্ডিয়ানদের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ
উত্তরদক্ষিণ। শুক্রবার (৬ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:০০
এবার ইন্ডিয়ানদের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া না হলেও বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে ইন্ডিয়ানদের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে সেই নির্দেশ কার্যকরও শুরু করেছে করেছে কলকাতা হাইকমিশন।
এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুবৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ইন্ডিয়ানদের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া।
তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোন নির্দেশ দেওয়া হয়নি। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রেও একই রকমের নির্দেশনা আসতে পারে।
এর আগে গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমানকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইউডি/এবি

