আদানি পাওয়ারের চুক্তি পর্যালোচনায় বাংলাদেশের চাপ

আদানি পাওয়ারের চুক্তি পর্যালোচনায় বাংলাদেশের চাপ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, আপডেট ০৯:৩০

নয়াদিল্লির কাছ থেকে পাওয়া কর ছাড় সুবিধা গোপন করে ইন্ডিয়ার ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার মাল্টি-বিলিয়ন ডলারের চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ঢাকার প্রত্যাশা, এ চুক্তি নিয়ে পুনরায় আলোচনা করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে ইন্ডিয়ার ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি সই হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নথিপত্র, উভয় পক্ষের চিঠি পর্যালোচনা ও পিডিবির ছয় কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে ব্রিটিশ বার্তা সংস্থা জানায়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের দরপত্র প্রক্রিয়া ছাড়াই চুক্তিটি করেছিলেন। এর ব্যয় বাংলাদেশের অন্যান্য কয়লা বিদ্যুৎ চুক্তির তুলনায় অনেক বেশি। যে কারণে চুক্তিটি নিয়ে পুনরায় আলোচনার প্রত্যাশা করছে ঢাকা।

২০২৩ সালের জুলাইয়ে বিদ্যুতের সরবরাহ শুরু হওয়ার পর থেকে আদানি পাওয়ারের অর্থ পরিশোধে পিছিয়ে রয়েছে ঢাকা। বিদ্যুৎ সরবরাহ বাবদ ইতোমধ্যে বাংলাদেশের কাছে আদানি পাওয়ার কয়েক মিলিয়ন ডলার পাওনা রয়েছে। যদিও বকেয়ার সঠিক পরিমাণ নিয়ে উভয় পক্ষের মাঝে বিরোধ আছে। এরই মধ্যে গ্রুপটির প্রধান গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। মামলাটি আদানি গ্রুপের কার্যক্রমের স্বচ্ছতাকেও প্রশ্নবিদ্ধ করছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading