ইন্ডিয়ায় পি কে হালদার ও তার দুই সহযোগীর জামিন
উত্তরদক্ষিণ। শুক্রবার (২০ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:১০
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে অর্থ পাচারের মামলায় জামিন পেয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) পি কে হালদার ছাড়াও তার দুই সহযোগীর জামিন মঞ্জুর করা হয়।
ইন্ডিয়ায় আর্থিক দুর্নীতি বিষয়ে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিচারক প্রশান্ত মুখার্জি তাদের জামিন মঞ্জুর করেন। সূত্র জানায়, প্রায় এক বছর শুনানির পর আদালতের মনে হয়েছে, যে তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তার ভিত্তিতে পি কে হালদার এবং তার দুই সহযোগীর জামিন মঞ্জুর করা যায়। সেই কারণে শুক্রবার তারা জামিন পেলেন।
২০২২ সালে পশ্চিমবঙ্গের একটি হোটেল থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে অর্থ পাচার আইনে পাঁচ সহযোগীসহ তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
সূত্র জানায়, পি কে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন তার সহযোগী স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র এবং উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র। অর্থ পাচারের (মানি লন্ডারিং) মামলায় মোট ১০ লাখ টাকার বন্ডে জামিন পেয়েছেন তারা। ঠিক কী শর্তে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। সাধারণত এ ধরনের ক্ষেত্রে চলাফেরার ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয় এবং আদালতে নির্দিষ্ট ব্যক্তি বা পুলিশের কাছে দৈনিক বা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে হাজিরা দিতে হয়। এ ছাড়া প্রয়োজনে জামিন পাওয়া ব্যক্তির গতিবিধির ওপর নজর রাখতে পারে পুলিশ।
ইউডি/এবি

