বিপিএলে ১ বলে ১৫ রান দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন উইন্ডিজ পেসার
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:১৫
বিপিএলে ১ বলে ১৫ রান দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার ওশানে থমাস।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচে এই লজ্জার রেকর্ড গড়েছেন খুলনা টাইগার্সের এই পেসার।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ চিটাগাংয়ের বিপক্ষে ২০৫ রান ডিফেন্ড করতে নেমে প্রথম ওভারে বোলিং করতে আসেন থমাস। ইনিংসের প্রথম বলেই নাইম ইসলামকে আউট করেন তিনি। তবে পরে দেখা যায় সেটি নো বল।
আউট থেকে বাঁচলেও ফ্রি হিটের বলে কোনো রান নিতে পারেননি নাইম। তবে পরের বলেই ছক্কা হাঁকান তিনি। তবে এই বলটিও ছিল নো বল। প্রথম ৩ বলের দুটিই নো বল করে খানিকটা নার্ভাস থমাস এবার পরপর দুটি ওয়াইড বল করেন। স্কোরবোর্ডে রান তখন ১ বলে ১০।
তবে এখানেই সংগ্রাম শেষ হয়নি থমাসের। পরের বলে আবার নো বল করেন তিনি। এবার বাউন্ডারিও হাঁকান নাইম। আর তাতেই রেকর্ড বুকে নাম ওঠে থমাসের।
ইউডি/এবি

