নৌকায় করে বাংলাদেশে এলো আরও ৩৬ রোহিঙ্গা

নৌকায় করে বাংলাদেশে এলো আরও ৩৬ রোহিঙ্গা

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৬:০৫

মাছ ধরা একটি নৌকায় সাগর পাড়ি দিয়ে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ হয়ে টেকনাফে অনুপ্রবেশ করেছে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। রবিবার দুপুরে টেকনাফের সাবরাংয়ের মুন্ডারডেইল ঘাট এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকেন তারা। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, অনুপ্রবেশ করা রোহিঙ্গারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। তাদের ফেরত পাঠানো হবে। তাদের মধ্য পাঁচজন নারী, ১০ জন শিশু ও ২১ জন পুরুষ রয়েছে। 

এ বিষয়ে টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, ‘মেরিন ড্রাইভের মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। এছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরও একটা রোহিঙ্গা বোঝাই বোট (নৌকা) সাগরে ভাসছে বলে জানা গেছে।’ 

চার দিন সাগরে ভাসমান থাকা আলম (৩০) নামে একজন বলেন, “মিয়ানমারের আকিয়াবের পূর্বে নাঁশং এলাকায় আমাদের গ্রাম। সেখানে ‘মগ বাগি’ আরকান আর্মি  রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। তাই আমরা প্রাণে বাঁচতে একটি কাঠের বোট নিয়ে পাঁচ দিন আগে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করি। আজ আমাদের ইঞ্জিন নষ্ট হওয়ায় একটি ট্রলার টেনে নিয়ে আমাদের বিজিবির কাছে হস্তান্তর করে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.এহসান উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’ 

টেকনাফ ২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, ‘সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের প্রতিহত করা হবে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading