আমেরিকা থেকে ৭৫২ কোটি টাকা ব্যয়ে আসবে এক কার্গো এলএনজি

আমেরিকা থেকে ৭৫২ কোটি টাকা ব্যয়ে আসবে এক কার্গো এলএনজি

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, আপডেট ০৯:৪০

জ্বালানি চাহিদা মেটাতে চলতি বছরের ৩০-৩১ জানুয়ারির মধ্যে আমেরিকা থেকে এক কার্গো লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানি করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আন্তর্জাতিক কোটেশনে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবে আমেরিকাভিত্তিক মেসার্স এক্সেলারেট এনার্জি এলপি এই এক কার্গো এলএনজি সরবরাহ করবে। এই এলএনজি আমদানিতে ব্যয় হবে ৭৫২ কোটি ৫০ লাখ ২৪ হাজার ৪১৬ টাকা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি (৩০-৩১ জানুয়ারি ২০২৫ সময়ে ৫ম) আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

জানা গেছে, পেট্রোবাংলা কর্তৃক এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ১৬টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। ৩টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটি’র (পিইসি) সুপারিশের প্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান আমেরিকা ভিত্তিক মেসার্স এক্সেলারেট এনার্জি এলপি এক কার্গো এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ ১৫.৬৯ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৭৫২ কোটি ৫০ লাখ ২৪ হাজার ৪১৬ টাকা।

এর আগে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এই এক কার্গো এলএনজি আমদানির ব্যয় ধরা হয় ৬৯২ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা। অর্থাৎ আগের এখন বেশি অর্থ ব্যয়ে এলএমজি আমদানি করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading