সাইফের বাড়িতেই লুকিয়ে ছিলেন হামলাকারী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:৩৫
বুধবার মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এই অভিনেতা। ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। আর সেখানে ঘটনা নিয়েছে নতুন মোড়। হামলার দুই ঘণ্টা আগের ফুটেজে অভিনেতার বাড়িতে কারও প্রবেশের দৃশ্য ধরা পড়েনি, অর্থাৎ সাইফের ওপর হামলাকারীরা অনেক আগেই বাড়িতে লুকিয়ে হামলার জন্য অপেক্ষা করছিলেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনডিটিভি জানিয়েছে, এ হামলার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।
এ হামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজে মধ্যরাতের পর কাউকে প্রবেশ করতে দেখা যায়নি অভিনেতার বাড়িতে। পুলিশের সন্দেহ, হামলাকারী বা হামলকারীরা আগেই সাইফের বাড়িতে প্রবেশ করেছিলেন এবং ভেতরে লুকিয়ে ছিলেন।
সিসিটিভি ফুটেজ দেখা গেছে, এক ব্যক্তিকে রাত ২টা ৩৩ মিনিটে সাইফ আলী খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে। ওই ব্যক্তি আবার তাকাচ্ছে সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কলার দেওয়া টি-শার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালেজাতীয় কিছু। পরনে আছে জিনস। কাঁধে রয়েছে ব্যাগও।
সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত ব্যক্তিকে ধরতে মাঠে নেমেছে মুম্বাই পুলিশের ১০টি টিম। শিগগিরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে আশা করছে পুলিশ। এ হামলার নেপথ্যে শুধুই ডাকাতি, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ইউডি/এবি

