বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ট্রাম্প

বাইডেনের আটকে দেওয়া বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৮:০৫

ফিলিস্তিনিদের ওপর নির্বিচার হামলা চালানোয় ইসরায়েলের জন্য তৈরি করা ‘২০০০ পাউন্ডের’ শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ওপর বাইডেনের আরোপিত ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

রবিবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, শনিবার (২৫ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের জানান, তিনি মার্কিন সেনাবাহিনীকে ইসরায়েলে ২০০০ পাউন্ড ওজনের বোমা সরবরাহের ওপর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প বলেন, “বোমার চালানটি আমরা ছেড়ে দিয়েছি। ২০০০ পাউন্ড ওজনের বোমা সরবরাহের চালানটি আমরা আজ ছেড়ে দিয়েছি। এবং তারা (ইসরায়েল) সেটি পাবে। তারা (ইসরায়েল) এটির জন্য অর্থ প্রদান করেছিল এবং দীর্ঘ সময় ধরে এটির জন্য অপেক্ষা করছে।”

রয়টার্সের খবর অনুসারে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের সময় বেসামরিক জনগণের ওপর, বিশেষ করে গাজার রাফায় এই বোমার প্রভাব কতটা ভয়ানক হতে পারে, সে বিষয়ে উদ্বেগের কারণে বাইডেন এই বোমা সরবরাহের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।

২০০০ পাউন্ড ওজনের বোমা শক্তিশালী অবকাঠামো ধ্বংসস্তুপে পরিণত করতে পারে। গত বছর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর, বাইডেন প্রশাসন ইসরায়েলে ২০০০ পাউন্ড ওজনের হাজার হাজার বোমা পাঠিয়েছিল কিন্তু একটি চালান আটকে রেখেছিল।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটন ইসরায়েলের জন্য কোটি কোটি ডলারের সাহায্য ঘোষণা করেছে।

কেন তিনি শক্তিশালী বোমাগুলো সরবরাহের নির্দেশ দিয়েছেন জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, “কারণ তারা (ইসরায়েল) এগুলো কিনেছে।”

শনিবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, “অনেক জিনিস যা ইসরায়েল অর্ডার করেছিল এবং যার জন্য অর্থ প্রদান করেছিল, কিন্তু বাইডেন পাঠায়নি, এখন তা হাতে আসছে!”

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading