শিল্পকলা একাডেমিতে চলছে জাতীয় পিঠা উৎসব

শিল্পকলা একাডেমিতে চলছে জাতীয় পিঠা উৎসব

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, আপডেট ১১:৫০

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই জাতীয় পিঠা উৎসবের আয়োজন করেছে। বেলুন ও পায়রা উড়িয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যান্য অতিথিরা গতকাল ১০ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পিঠা উৎসব বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। প্রায় ৭০টি স্টলে ২০০ ধরনের পিঠা নিয়ে উদ্যোক্তারা এতে অংশ নিয়েছেন। প্রতিদিনই মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। গতকাল বয়াতিদের গান ও লাঠিখেলার আয়োজন ছিল।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। তিনি বলেন, পিঠা উৎসব একসময় গ্রামীণ উৎসব ছিল। বর্তমানে শহুরে উৎসবে পরিণত হয়েছে। এভাবেই নতুন ঐতিহ্যের সৃষ্টি হয়।

পিঠা উৎসবের শুরু থেকেই যুক্ত আছেন নৃত্যগুরু আমানুল হক। তিনি বলেন, পিৎজা ও বার্গারের মতো খাবারের চাপে পিঠাপুলি হারিয়ে যাচ্ছে। পিঠাপুলির ঐতিহ্যকে ধরে রাখতে সন্তানদের পিঠা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, গত ১৫ বছরে দেশ থেকে বিভিন্ন উৎসব হারিয়ে গিয়েছিল। ৫ আগস্টের পর দেশের জনগণ বিভিন্ন উৎসব করতে পারছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন জাতীয় পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়জীদ প্রমুখ বক্তব্য দেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading