অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় আমার স্বপ্ন ছিল: নীহা

অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় আমার স্বপ্ন ছিল: নীহা

উত্তরদক্ষিণ। শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১২:৪০

প্রথমবার জুটি বেঁধে অভিনয় করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও হালের ক্রেজ নাজনীন নাহার নীহা। ভালোবাসা দিবস উপলক্ষে ‘মন-দুয়ারী’ নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

উঠতি অভিনেত্রী নীহার প্রশংসা করে অপূর্ব বলেন, “অনেক দূর যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে নীহার মধ্যে। ও শিখতে চায়, শিখে অভিনয় করতে চায়। এটাই ওর বড় গুণ। আর এগিয়ে যাওয়ার জন্য এ গুণটিই যথেষ্ট। এই নাটকে নীহা এত ভালো করেছে, না দেখলে বিশ্বাস হবে না।”

অপূর্বর সঙ্গে অভিনয়ের সুযোগ নীহার স্বপ্ন ছিল। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার স্বপ্ন ছিল; সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই আমি অনেক খুশি। অপূর্ব ভাইয়া, সৌখিন ভাইয়া মিলে আমাকে সবসময় হেল্প করেছেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।”

পারিবারিক সম্পর্ক, প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মন-দুয়ারী’ নাটক। গল্পে দেখা যাবে, অপূর্ব নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেন তার দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এদিকে মিষ্টি ও দুষ্টু মেয়ে নীহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দু’জন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। আর মিষ্টি মেয়ে নীহা অপূর্বর মনের সকল বন্ধ দুয়ার খুলে দেয়। তাই সে মেয়টির নাম দেয় ‘মন-দুয়ারী’।

নাটকটির গল্প নিয়ে পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, “ভ্যালেন্টাইনে সবসময় একই টাইপের গল্পে নাটক নির্মিত হয়। কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা। আপাতত এটুকুই বলছি। বাকিটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন। এমন ভিন্ন প্রজেক্ট করার সাহস আর উৎসাহ দেয়ার জন্য প্রযোজক পাপ্পু ভাইকে ধন্যবাদ।”

জাকারিয়া সৌখিনের নাটকে বাড়তি চমক হিসেবে থাকে নতুন গান আর সেটির অসাধারণ ভিজ্যুয়াল। পূর্বের মতো ‘মন-দুয়ারী’ নাটকেও দুটি গান থাকছে। সোমেশ্বর অলির কথায় একটি গানের সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন মাহতিম সাকিব এবং অবন্তী সিঁথি। আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।

অপূর্ব-নীহা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।
বড় আয়োজনে নির্মিত হয়েছে নাটকটি। ঢাকা, নবাবগঞ্জ এবং রাজশাহীতে ১৩ দিন নাটকটির শুটিং হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারির সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘মন-দুয়ারী’ নাটক। নাটকটি নিয়ে খুবই আশাবাদী প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading