এবার তুরস্কের বিমানে অবৈধ ইন্ডিয়ানদের ফেরত পাঠালো আমেরিকা
উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ২০:০০
চতুর্থ দফায় ইন্ডিয়ার আরও ১২ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। তবে এবার মার্কিন সামরিক বিমানে নয়, তুরস্কের একটি যাত্রীবাহী উড়োজাহাজে করে তাদের ইন্ডিয়াতে ফেরত পাঠানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় গেল ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০৪ জন অবৈধ ইন্ডিয়ান অভিবাসীকে মার্কিন সামরিক বিমানে করে ফেরত পাঠায় আমেরিকা। এরপর ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১১৯ জন এবং এর ঠিক দুই দিন পর তৃতীয় দফায় হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে আরও ১১২ জন অবৈধ ইন্ডিয়ান অভিবাসীকে ফেরত পাঠায় আমেরিকা।
এ নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে মোদি সরকার। বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার কথা জানান ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এর মধ্যেই রবিবার (২৩ ফেব্রুয়ারি) চতুর্থ দফায় আরও ১২ জন অবৈধ অভিবাসীকে ইন্ডিয়াতে ফেরত পাঠালো আমেরিকা। এদিন দিল্লি বিমানবন্দরে অবতরণ করে তুরস্কের একটি বিমান। সেই বিমানেই ছিলেন ওই ১২ জন। এদের মধ্যে চার জন পাঞ্জাবের, তিন জন হরিয়ানা এবং তিন জন উত্তরপ্রদেশের বাসিন্দা। পানামা, ইস্তাম্বুল হয়ে দিল্লিতে পৌঁছান তারা।
প্রাথমিকভাবে জানা গেছে, আমেরিকা অবৈধভাবে বসবাস করা এই ইন্ডিয়ানরা পানামার একটি হোটেলে বন্দি ছিলেন। পানামা এবং কোস্টারিকা আমেরিকার অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠাতে বিশেষ ভূমিকা রাখছে।
এর আগে অবৈধ অভিবাসীদের নিয়ে ইন্ডিয়াতে পর পর তিনবার অবরতরণ করে মার্কিন সামরিক বিমান। দেশের মাটিতে পা রেখে অভিবাসীরা অভিযোগ করেন, তাদের ওপর অত্যাচার করা হয়েছে। পায়ে শিকল বেঁধে, হাতকড়া পরিয়ে তাদের রাখা হয়েছিল বিমানে। তবে রবিবার আসা ১২ জনের অভিজ্ঞতা কেমন, তা এখনো স্পষ্ট নয়।
ইউডি/এআর

