বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ নিতে চায় চীন

বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ নিতে চায় চীন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ০৯:৩৫

বাংলাদেশ থেকে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছে চীন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে চীনে। ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। এ সময় তিনি প্রাথমিকভাবে এক হাজার মেট্রিকটন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন। এছাড়া এদেশ থেকে আম, কাঠাল ও পেয়ারা আমদানি এবং বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ বাড়াতে চান বলে উল্লেখ করেন তিনি।

চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চট্রগ্রামের ইকোনমিক জোনে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরেও শক্তিশালী করার সুযোগ রয়েছে। এ সময় তিনি বাংলাদেশে কৃষি, ট্রান্সপোর্টেশন, এগ্রোমেশিনারিজ ও স্বাস্থ্যসেবা খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ব্যবধান অনেক। বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে এবং আমদানি পণ্যের সব ধরনের ট্যারিফ কমানোর আহবান জানান তিনি।

বাংলাদেশে চীনের বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ দেশে ট্রাক তৈরির কারখানা স্থাপন ও কৃষির আধুনিকীকরণে বিনিয়োগ দু’দেশের জন্য শুভ ফল বয়ে আনবে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading