কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করব না : বিএসইসি চেয়ারম্যান
উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১৫:৪৮
পুঁজিবাজারে অনিয়ম নিয়ে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে অবিচল থাকবেন বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেছেন, সরকারের সাথে আমাদের কথা হয়েছে। আমাদেরকে সরকার এখানে পাঠিয়েছেন- একটা মিশন দিয়ে; সেই মিশন থেকে আমরা একচুল পরিমাণ সরব না। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। আমরা যেই কাজটা নিষ্ঠার সাথে এবং নিয়মনীতির সাথে করে যাচ্ছি, সেই কাজটা আমরা করে যাব। গত বৃহস্পতিবার বিকালে আগারগাঁওয়ে বিএসইসি ভবনে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন রাশেদ মাকসুদ।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজকে (বৃহস্পতিবার) সরকার আমাদের সাথে কথা বলেছে। আমাদেরকে বলেছে- আমরা যে কাজগুলা করছি, সেগুলো আরো যাতে জোরদারভাবে করতে পারি। সেই কাজটা করে যাব, এটুকুই আমরা বলব। সরকার বলতে কার সাথে কথা বলেছেন, এ প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, আমরা সরকারের সাথেই কথা বলেছি তো। এক সাংবাদিক জিজ্ঞেস করেন, কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে আছে, তো আপনি কাদেরকে নিয়ে কাজ করবেন। তাদের দাবি পুরো কমিশন অযোগ্য এবং পুঁজিবাজার নিয়ে আপনাদের কোনো ধরনের জ্ঞান নেই। উত্তরে রাশেদ মাকসুদ বলেন, আমি আসলে এই ধরনের কমেন্টের কোন উত্তর এখনো দেইনি, আগেও কখনো দেইনি, এখনো দেবো না।
বিভিন্ন অভিযোগে যেসব তদন্ত হয়েছে, সেই সব প্রতিবেদন প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন কর্মকর্তারা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএসইসি চেয়ারম্যান বলেন, আপনাদের সাথে আমরা শেয়ার করেছি যে, আমরা এ পর্যন্ত সাতটা তদন্ত রিপোর্ট পেয়েছি।এর মধ্যে তিনটি এনফোর্সমেন্টে গেছে জানিয়ে তিনি বলেন, যখন আমাদের এনফোর্সমেন্ট অ্যাকশনটা শেষ হবে, তখন আমরা তদন্ত প্রতিবেদন আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন।
এক সাংবাদিক জানতে চান, আগে যারা বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন, অচলাবস্থা সৃষ্টিতে তাদের কি কোনো ভ‚মিকা রয়েছে? রাশেদ মাকসুদ বলেন, আমাদের তদন্ত তো সমস্ত কিছু ২০২৪ সাল পর্যন্ত- যে সমস্ত অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। তো কাজেই এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের তো অবশ্যই সেখানে তাদের ইন্টারেস্ট আছে- এই তদন্ত যাতে ব্যাহত হয়। নিয়মতান্ত্রিকভাবে সাইফুর রহমানকে অবসরে পাঠানো হয়নি বলে ভাষ্য আন্দোলনকারীদের। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চেয়ারম্যান রাশেদ মাকসুদ বলেন, মানা হয়েছে, সমস্ত কিছুর নিয়ম মেনেই করা হয়েছে। তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। এ বিষয়ে জানতে চাইলে রাশেদ মাকসুদ বলেন, একেবারেই মিথ্যা অভিযোগ। এসময় কমিশনার মহসীন চৌধুরী, আলী আকবর উপস্থিত ছিলেন।
ইউডি/এজেএস

