বাসে বাড়তি ভাড়া আদায় করা যাবে না: পরিবহন মালিক সমিতি

বাসে বাড়তি ভাড়া আদায় করা যাবে না: পরিবহন মালিক সমিতি

উত্তরদক্ষিণ। বুধবার, ১৯ মার্চ, ২০২৫, আপডেট ১৩:১৫

কোনো অবস্থায় সরকারনির্ধারিত বাস ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না। যেসব মালিক ও পরিবহন শ্রমিক এ নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনে এক সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ এ কথা বলেন। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ঈদের ছুটিতে বাস টার্মিনালে ঘরমুখী যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ছিনতাই ও অজ্ঞানপার্টি থেকে পরিবহন চালক, শ্রমিক ও যাত্রীকে রক্ষা, নারীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেন বক্তারা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সসাধারণ সম্পাদক মো. সাইফুল আলমের সঞ্চালনায় ঐ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, ওয়ারি বিভাগের ডিসি ট্রাফিক আজাদ রহমান, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান প্রমুখ।

সভায় বক্তরা বলেন, বিগত বছরগুলোতে ঈদের ছুটিতে ঢাকার বাস টার্মিনালগুলোতে যাত্রী হয়রানি চরমে ছিল। এছাড়া সড়কে বিশৃঙ্খলার কারণে দুর্ঘটনায় হাজারো মানুষের জীবন গেছে। এ অবস্থা থেকে উত্তরণ চায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ জন্য পরিবহন খাতের সব অংশীজনের সহযোগিতা দরকার। সবাই সহযোগিতা করলে ঈদযাত্রা নিরাপদ হবে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading