জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট: নেই তাসকিন, প্রথমবার দলে সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট: নেই তাসকিন, প্রথমবার দলে সাকিব

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৬:৫০

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে নেই তাসকিন আহমেদ। চোটের কারণে খেলতে পারছেন না অভিজ্ঞ এই পেসার। টেস্ট দলে প্রথমবার জায়গা করে নিয়েছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। চোটের কারণে সবশেষ সিরিজে না থাকা নাজমুল হোসেন শান্ত ফিরেছেন অধিনায়ক হয়েই। ওয়েস্ট ইন্ডিজে সেই সিরিজের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবার থাকছেন সহ-অধিনায়ক হিসেবে।

ক্যারিবিয়ায় ওই সিরিজে চোটের কারণে যেতে না পারা মুশফিকুর রহিমও ছিলেন দলে। অন্য দুই সংস্করণকে বিদায় জানানো অভিজ্ঞ ব্যাটসম্যান এখন শুধু টেস্ট ক্রিকেটেই খেলবেন বাংলাদেশ দলে। এছাড়া দলে ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও অফ স্পিনার নাঈম হাসান। পাকিস্তান সুপার লিগে খেলতে ছুটি পাওয়া লিটন কুমার দাসের না থাকা নিশ্চিত ছিল আগে থেকেই। মঙ্গলবারই দেশ ছেড়েছেন তিনি। কিপার-ব্যাটসম্যান হিসেবে জাকের আলি ছাড়াও স্কোয়াডে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মুশফিক টেস্টে কিপিং করছেন না অনেক দিন ধরেই।

সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়ার তালিকায় আছেন হাসান মুরাদ, শরিফুল ইসলাম ও শাহাদাত হোসেন। ক্যারিবিয়ান সফরের দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই জায়গা হারালেন বাঁহাতি স্পিনার মুরাদ। শান্তর চোটে শেষ মুহূর্তে ওই সফরের দলে ফেরেন শাহাদাত। দুই ম্যাচে সুযোগ পেলেও ভালো করতে পারেননি তরুণ মিডল-অর্ডার ব্যাটসম্যান। চার ইনিংসে একবারও ৩০ স্পর্শ করতে পারেননি তিনি।

প্রথমবার ডাক পাওয়া তানজিম সাকিব এর মধ্যে জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ১৬ ম্যাচে তার শিকার ২৫ উইকেট। গত জাতীয় ক্রিকেট লিগে এক ম্যাচ খেলে কাঁধের চোটে ছিটকে গিয়েছিলেন তিনি। পেস বিভাগে তানজিম ছাড়াও থাকছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ। প্রথম টেস্টের পর পিএসএল খেলতে চলে যাবেন নাহিদ।

দুই টেস্ট খেলতে আগামী মঙ্গলবার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ শুরু ২৮ এপ্রিল।

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading