আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ, লড়াইয়ে যারা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৮:৫৫
মাসজুড়ে বল হাতে আলো ছড়ানো জ্যাকব ডাফিকে হাতছানি দিচ্ছে দারুণ এক স্বীকৃতি। ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ এর পুরুষ ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার। মার্চ মাসের সেরা লড়াইয়ে তার সঙ্গী সতীর্থ রাচিন রাভিন্দ্রা ও ইন্ডিয়ার শ্রেয়াস আইয়ার। গত মাসের সেরা নারী ক্রিকেটার হওয়ার লড়াইয়ে আছেন আমেরিকার চেতনা প্রাসাদ, অস্ট্রেলিয়া অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ভল।
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন ডাফি। নিউজিল্যান্ডের ৪-১ ব্যবধানে জয়ের পথে তার ছিল বড় অবদান। সিরিজে ১৩ উইকেট নেন তিনি ৮.৩৮ গড় ও ওভারপ্রতি ৬.১৭ রান দিয়ে। গত মাসে ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখেন শ্রেয়াস। মার্চে তিন ওয়ানডে খেলে রান করেন ১৭২, গড় ৫৭.৩৩ ও স্ট্রাইক রেট ৭৭.৪৭। টুর্নামেন্টে ইন্ডিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার পথে বড় অবদান ছিল রাভিন্দ্রা। সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৮ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। কেন উইলিয়ামসনের সঙ্গে গড়েন ১৬৪ রানের জুটি। তাতে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে কিউইরা। মার্চে তিনটি ওয়ানডে খেলেন রাভিন্দ্রা। ৫০.৩৩ গড় ও ১০৬.৩৩ স্ট্রাইক রেটে ১৫১ রান করেন তিনি। বল হাতেও রাখেন ভূমিকা। ওই তিন ম্যাচে ওভারপ্রতি ৪.৬৬ রান দিয়ে নেন ৩ উইকেট।
গত মাসে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বে আলো ছড়ান ১৯ বছর বয়সী চেতনা। তিন ম্যাচ আমেরিকার এই বোলার ধরেন ৯ শিকার, গড় ২.২২! ২০২৪ ডিসেম্বরের সেরা নির্বাচিত হওয়া সাদারল্যান্ড ফের জায়গা পেলেন মাস সেরার লড়াইয়ে। গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে ৮ উইকেট নেন তিনি কেবল ৮ গড়ে। গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা ভল এরই মধ্যে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। গত মাসে তিনটি টি-টোয়েন্টি খেলে আলো ছড়ান ২১ বছর বয়সী এই টপঅর্ডার ব্যাটার।
ইউডি/এজেএস

