ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, আপডেট ১৩:০০

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত অবস্থায় পড়েছে। যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ না করেও নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করছে এটি বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রায় ২ হাজার ৭০০ রিট মামলা রয়েছে। কিছু মামলা রায়ের অপেক্ষায় আছে।

বৃহস্পতিবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে যে ক্ষতি হয়েছে তা সংস্কার করা হবে এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস মুছা হবে না এবং কোনো কিছু আরোপিত করা হবে না। মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা এ সরকারের নেই। কারণ ইতিহাস কখনো মুছা যায় না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে কি করবে এটি তাদের ব্যাপার। মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী সরকার নয়। এ সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। তাই এই সরকারই সাংবিধানিক সরকার। এ সরকারের শপথ গ্রহণ একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি চিরকাল শ্রদ্ধা ভালবাসার মধ্য দিয়ে সবাইকে স্মরণ রাখা দরকার। পরে তিনি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান চৌধুরী, খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হোসাইন শওকত, জেলা প্রশাসক সিফাত মেহনাজ, মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি সকল কর্মসূচি শেষ করে ঢাকার উদ্দেশে মুজিবনগর ত্যাগ করেন।

এর আগে বুধবার সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউজে পৌঁছে রাত্রি যাপন করেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading