ইউএনইসিই’র জলপথ চুক্তিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ

ইউএনইসিই’র জলপথ চুক্তিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, আপডেট ০৮:০০

জাতিসংঘের ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ইউএনইসিই) থেকে প্রণীত হওয়া ‘সীমান্তবর্তী জলপথ ও আন্তর্জাতিক হ্রদসমূহের সুরক্ষা ও ব্যবহারসংক্রান্ত কনভেনশনে’ যুক্ত হচ্ছে বাংলাদেশ। এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, জাতিসংঘের ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ইউএনইসিই) থেকে প্রণীত ১৯৯২ সালের “সীমান্তবর্তী জলপথ ও আন্তর্জাতিক হ্রদসমূহের সুরক্ষা ও ব্যবহার সংক্রান্ত কনভেনশন”-এ বাংলাদেশের পক্ষভুক্তির প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কনভেনশনটি ১৯৯৬ সালে কার্যকর হয় এবং ২০১৩ সাল থেকে বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে ৫৫টি দেশ কনভেনশনের পক্ষভুক্ত এবং ২৬টি দেশ স্বাক্ষরকারী হিসেবে রয়েছে। এ কনভেনশনের আওতায় বাংলাদেশ আন্তঃসীমান্ত ও আন্তর্জাতিক জলাশয়ের পানির সুষম ও ন্যায্য ব্যবস্থাপনা, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, তথ্য আদান-প্রদান, এবং কারিগরি সহযোগিতা অর্জনের সুযোগ পাবে।

এতে বলা হয়, বিবেচ্য কনভেনশনে বাংলাদেশের পক্ষভুক্তির সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় পর্যায়ে একাধিক পরামর্শ সভা, জাতীয় কর্মশালায় আন্তর্জাতিক ও দেশীয় প্রতিনিধিদের সর্বসম্মত মতামত, কনভেনশনের অনুচ্ছেদভিত্তিক বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের মতামত গ্রহণসহ প্রাসঙ্গিক আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে পানিসম্পদ ব্যবস্থাপনায় একটি নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে, যা দেশের পরিবেশগত সুরক্ষা, পানিসম্পদ উন্নয়ন এবং প্রতিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading