পাকিস্তানের বিপক্ষে হারলেও কি বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ?

পাকিস্তানের বিপক্ষে হারলেও কি বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ?

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, আপডেট ২০:০০

নারী বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের মিশনে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ায় ইন্ডিয়াতে মূল পর্বের টিকিট পেতে এ ম্যাচে জয় চায় টাইগ্রেস। তবে, কম ব্যবধানে হারলেও নেট রানরেটে এগিয়ে থাকায় সুযোগ থাকবে জ্যোতিদের। সমীকরণের মারপ্যাচ নয়, সামর্থ্যের প্রমাণ দিয়ে শেষ হাসি হাসতে চায় সারোয়ার ইমরানের দল। এদিকে, মূল পর্ব নিশ্চিত হওয়ায় নির্ভার পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার (১৯ এপ্রিল) ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

উড়তে উড়তে হঠাৎ করেই ছন্দপতন নারী বিশ্বকাপ বাছাইয়ে। সবশেষ ম্যাচে ৩ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে স্বপ্নযাত্রায় হোঁচট খেয়েছে বাংলাদেশ। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট সারোয়ার ইমরানের দলের। কঠিন সময়ে শেষ ম্যাচে বড় বাধার নাম পাকিস্তান। সিদরা আমিন বীরত্বে থাইল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের জয়ে এরইমধ্যে ওরা নিশ্চিত করে ফেলেছে মূল পর্ব।

পাকিস্তান সবার আগে পা রাখলেও, ভালো সুযোগ আছে বাংলাদেশের সামনে। শেষ ম্যাচে ফাতিমা সানার দলকে হারাতে পারলে আর কোনো সমীকরণে যেতে হবে না টাইগ্রেসদের। তা না পারলে পড়তে হবে সমীকরণের মারপ্যাচে। পাকিস্তানের কাছে কম ব্যবধানে হারলেও নিশ্চিত হয়ে যাবে ইন্ডিয়া বিশ্বকাপের মূল পর্ব। বাংলাদেশের নেট রান রেট এ মুহূর্তে ১.০৩৩। সুযোগ আছে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজেরও। তবে, নেট রানরেটে বেশি এগিয়ে থাকায় সুযোগ বেশি বাংলাদেশের। কোনো ভুল নয়, পাকিস্তানের বিপক্ষে বাঁচামরার ম্যাচে সামর্থ্যের সেরাটা দিয়ে বুক চিতিয়ে লড়াই করতে প্রস্তুত পুরো দল।

বিশ্বকাপ বাছাইয় এখন পর্যন্ত প্রাপ্তির খাতাটা বেশ সমৃদ্ধ বাংলাদেশের। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকে তালিকায় শীর্ষ দুইয়ে থাকা দুই ব্যাটারই বাংলাদেশের। ২৪২ রান নিয়ে চার ম্যাচে সবার ওপরে আছেন শারমিন আকতার। ২৪০ রান নিয়ে দুইয়ে দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি । এছাড়া ফারাজানা, রিতু মনিরাও পাল্লা দিয়ে ভূমিকা রাখছেন জয়ে।

বল হাতে অবশ্য আধিপত্য দেখাতে পারছেন না বাংলাদেশের বোলাররা। চার ম্যাচে ৯ উইকেট নিয়ে সুমনা আছেন তালিকার ৫ এ। এক উইকেট কম নিয়ে ফাহিমা আছেন তার পরেই।

চিন্তার বিষয়ও আছে কোচের। প্রথম তিন ম্যাচে এক সেঞ্চুরিসহ আস্থার প্রতিদান দিয়েছেন অধিনায়ক জ্যোতি। জিতেছিল তার দলও। শেষ ম্যাচে হাসেনি জ্যোতির ব্যাট। দলও পায়নি জয়। বোলাররা পারেননি আস্থার প্রতিদান দিতে। সে ভুল শুধরে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে স্পিন বিষে ঘায়েল করতে চান নাহিদা, ফাহিমা, সুমনারা। পেস অ্যাটাকে এখনো নিজের সেরা ছন্দ খুঁজে পাননি মারুফা।

সবশেষ ঢাকার মিরপুরে ২০২৩ সালের ১০ নভেম্বর খেলা ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল টিম টাইগ্রেস। এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচের মধ্যে সমান ৭টি করে জয় আছে দুদলের। একটি ম্যাচ হয়েছে টাই।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading