গুলশানে আজ থেকে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল

গুলশানে আজ থেকে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল

উত্তরদক্ষিণ। শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, আপডেট ০৮:২০

রাজধানীর গুলশান এলাকায় আগে শুধুমাত্র নিবন্ধিত নির্দিষ্ট রঙের প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭ থেকে ৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাসহ বাইরের রিকশা চলাচল করছে। এতে গুলশানের সব সড়কেই বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ অবস্থায় আজ শনিবার (১৯ এপ্রিল) থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, গুলশানে ব্যাটারি চালিত রিকশা বন্ধের এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শনিবার থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত গার্ড নিয়োগ দিয়েছে। যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসাইন।

তিনি বলেন, শনিবার থেকে গুলশান এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এই কাজটি নিয়মিত করবে ডিএনসিসি। শনিবার থেকে গুলশানে এই পদক্ষেপ চালু হলেও আগামীতে সব এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছিলেন, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে কার্যকরী ট্র‍্যাপার বসানোর পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে ইতোমধ্যে ডিএমপি ট্র‍্যাপার (বিশেষ ফাঁদ) লাগানো শুরু করেছে। দেখা যাচ্ছে আইন না মেনে অনেকে ট্র‍্যাপার উপেক্ষা করে অটোরিকশা চলাচলের চেষ্টা করছে। আমরা এগুলো নিয়ে কাজ করছি। কার্যকরী ট্র‍্যাপার বসানোর পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading