ইন্টারনেট ট্রান্সমিশনে মূল্য হ্রাসের ঘোষণা এনটিটিএন

ইন্টারনেট ট্রান্সমিশনে মূল্য হ্রাসের ঘোষণা এনটিটিএন

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, আপডেট ০৯:২০

ইন্টারনেট ট্রান্সমিশন তথা সঞ্চালন সেবায় মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে বেসরকারি খাতের ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর বাহন লিমিটেড।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের আহ্বানে সাড়া দিয়ে এ মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাহনের পক্ষ থেকে বলা হয়, দেশীয় ট্রান্সমিশন সেবায় কমপক্ষে ১০ শতাংশ পর্যন্ত মূল্য হ্রাস করা হয়েছে। ট্রান্সমিশন নেটওয়ার্কের পরিধি ভেদে কোনো কোনো স্থানে ১০ শতাংশেরও বেশি মূল্য হ্রাস করা হবে।

এ বিষয়ে বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুৎ বলেন, “সরকার জনগণকে সুলভ মূল্যে গুণগত মানসম্পন্ন ইন্টারনেট সেবা দিতে চায়। এর ফলে ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে।”

মূল্য হ্রাসের পাশাপাশি এনটিটিএন সেবায় ‘ফ্লোর প্রাইস’ উঠিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে বাহন।

এ বিষয়ে রাশেদ আমিন বলেন, “ইন্টারনেটকে ব্যবহারকারীদের কাছে আরো সুলভ করতে, ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়া উচিত। ফ্লোর প্রাইস তুলে ফেলতে বাহন অতীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠিও দিয়েছে। বাহন মনে করে, ফ্লোর প্রাইস তুলে দিলে অনেক জায়গায় এনটিটিএন’র ট্রান্সমিশন ব্যয় ১০ শতাংশের অধিক কমানো সম্ভব।”

গত ২১ এপ্রিল একটি এনটিটিএন অপারেটর ইন্টারনেট ট্রান্সমিশনের বিভিন্ন পর্যায়ে মূল্য হ্রাসের সিদ্ধান্তের কথা জানিয়ে অন্যান্য টেলিকম অপারেটর প্রতিও খরচ কমানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading