আমেরিকাগামী আইফোন তৈরি হবে ইন্ডিয়ায়: অ্যাপল
উত্তরদক্ষিণ। শুক্রবার (০২ মে), ২০২৫, আপডেট ২১:১৫
চীনের ওপর নির্ভরতা কমিয়ে এবার আমেরিকাগামী আইফোন ও অন্যান্য পণ্যের উৎপাদন ইন্ডিয়া ও ভিয়েতনামে সরিয়ে নিচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, শিগগিরই আমেরিকায় বিক্রীত অধিকাংশ আইফোন ইন্ডিয়াই তৈরি হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার বিনিয়োগকারীদের সঙ্গে এক সম্মেলনকালে টিম কুক বলেন, আমরা প্রত্যাশা করছি, আমেরিকায় বিক্রীত অধিকাংশ আইফোনের উৎপাদনস্থল হবে ইন্ডিয়া।
একই সঙ্গে তিনি জানান,আমেরিকায় বিক্রির জন্য আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের প্রধান উৎপাদন কেন্দ্র হবে ভিয়েতনাম।
আমেরিকা সরকারের শুল্কনীতির কারণে এই রূপান্তর প্রয়োজন হয়ে পড়েছে বলে জানায় অ্যাপল। ট্রাম্প প্রশাসনের আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত শুল্কের ফলে চলতি প্রান্তিকে অ্যাপলের খরচ প্রায় ৯০০ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
তবে এই শুল্কের প্রভাব কিছুটা কমাতে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পণ্যের ওপর শুল্ক ছাড় দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবু বিশ্বজুড়ে বাণিজ্যনীতির এই নাটকীয় পরিবর্তনে কোম্পানিগুলোকে নতুন করে চিন্তা করতে হচ্ছে।
অ্যাপলের ওপর দীর্ঘদিন ধরেই চাপ ছিল উৎপাদন আমেরিকা সরিয়ে নেওয়ার। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছিলেন, অ্যাপলের উচিত আমেরিকাতেই আইফোন তৈরি করা।
ইউডি/এবি

