মিয়ানমারের সঙ্গে প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ: খলিলুর রহমান
উত্তরদক্ষিণ। রবিবার (০৪ মে), ২০২৫, আপডেট ২১:৩০
রাখাইনে জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে মানবিক করিডোর নিয়ে বিতর্ক ও বিরোধিতার মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ।
রবিবার (০৪ মে) ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।
নিরাপত্তা উপদেষ্টার পাশাপাশি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বে থাকা খলিলুর বলেন, “আমরা যদি আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ করতামও, তাহলে ক্ষতিগ্রস্ত হত কে? চীন। তাহলে চীন কিছু বলছে না কেন?
“কেন অন্য একটা স্থান থেকে অপতথ্য আসছে? যেভাবে আমরা বাংলায় একটা কথা বলি, ‘মায়ের চেয়ে মাসির দরদ বেশ,” ইন্ডিয়ার দিকে ইঙ্গিত করে বলেন তিনি।
২০২১ সাল থেকে সামরিক জান্তা সরকারের বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের গৃহযুদ্ধে বিপর্যপ্ত বাংলাদেশের পূর্বের প্রতিবেশী মিয়ানমার। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের লাগোয়া রাখাইন রাজ্যের পুরোটা দখলে নিয়েছে আরাকান আর্মি। শুধু এ রাজ্যের কায়ুকফায়ু সমুদ্রবন্দরের নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে সামরিক জান্তা।
রাখাইনে যুদ্ধের তীব্রতার মধ্যে গত নভেম্বরে ‘রাখাইন: গড়ে উঠছে একটি দুর্ভিক্ষ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি।
ওই প্রতিবেদনে বলা হয়, আসন্ন দুর্ভিক্ষের হুমকিতে রাখাইন। অনুমান হচ্ছে, ২০২৫ সালের মার্চ-এপ্রিলে স্থানীয় খাদ্য উৎপাদন কেবল ২০ শতাংশ মানুষের প্রয়োজন মেটাতে পারবে। বীজ ও সারের অভাব, বাজে আবহাওয়া এবং বাস্তুচ্যুতির কারণে মানুষ কৃষি কাজ থেকে দূরে থাকায় ধান উৎপাদন কমে যাচ্ছে। বাণিজ্য প্রায় বন্ধ থাকার কারণে প্রায় ২০ লাখ মানুষ অনাহারে থাকার ঝুঁকি তৈরি হয়েছে।
ইউডি/এবি

