বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয় কৃষক: মৎস্য উপদেষ্টা
উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ মে, ২০২৫, আপডেট ১৩:৩৫
পণ্য উৎপাদনে জোর না দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানির সিদ্ধান্তে কৃষক ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
সোমবার (৫ মে) রাজধানীর একটি হোটেলে ‘কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেশ কিছু বিষয়ে সংঘাত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পণ্য উৎপাদনে জোর না দিয়ে আমদানির সিদ্ধান্তে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।
কোনোভাবেই প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমদানির পক্ষে না উল্লেখ করে তিনি আরও বলেন, ডিমের ঘাটতির সময় বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির ঘোষণা দিয়েছে। যাতে আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ এখনও স্থানীয় উৎপাদনে আমিষের চাহিদা মেটাতে পারছে বলেও জানিয়েছেন ফরিদা আখতার। তিনি বলেন, কৃষিতে ব্যবহৃত কীটনাশকের কারণে মাছ মারা যাচ্ছে, কৃষি আর মৎস্য খাতে সংঘাত হচ্ছে। মাছ বাঁচাতে সার ও কীটনাশক ব্যবহারে নীতি তৈরি করতে হবে।
ইউডি/কেএস

